ফিরে পেতে চাই
-----------------------
গৌরী মৈত্র
আবার আমাকে আমি ফিরে পেতে চাই !
আবার আমাকে আমি পেতে চাই ফিরে !
কোথায় হারালি তুই?
সেই শৈশবে চোখবোঁজা রোদে
শিশির ফুলের পাপড়ি কুড়োতে,
হেঁটে গিয়েছিলি পশ্চিমপাড়ার ক্ষুূদিদের সাথে,
সেই নাড়াকাটা মাঠে কি হারিয়ে গেলি?
নাকি মন্দির চত্বরে নামকীর্তনে
আড়াল হয়েছিলি তুই? রয়েছিস আড়ালে?
অথবা গাছমছম আমবাগানে
গিয়েছিলি তুই সন্ধ্যার সাথে,
ভুত দেখানো গল্পের সঙ্গে গেলি কি হারিয়ে ?
কৈশোরে তোর অবাধ্য মুঠোয়
পাথর কিছু ছিল লুকোনো,
শতদ্রুতে ঢব করে সব গেলো তলিয়ে---
ওরই সাথে তলিয়ে গিয়ে
কোথায় হারালি তুই?
#
তারপর কি নোনা জমেছে? ছাই জমেছে?
খোলসের পরে খোলস চাপানো,
আকাশে আমার কোনো নীল নেই!
শিশুর মতো জড়ায় না ঘাস দু'পায়ে এসে,
অন্ধ শহরে ঠাট বাট সব --
কোথায় হারালি তুই?
