সাবিত্রী দাসের গুচ্ছকবিতা--
১
ভালোবেসে
জ্যোৎস্না চুঁয়েছে স্বপন ছুঁয়েছে মৌন মুখর প্রাণে
দিগন্তে মেঘ হাতছানি দিয়ে সোনালী স্বপন আনে।
মায়াবী সে মেঘ ঝুঁকে ঝুঁকে আসে স্বপ্নের সিঁড়ি বেয়ে,
পরীদের সাথে আনন্দে মাতে জ্যোৎস্নার গান গেয়ে।
হয়তো বা কেউ নীরবে নিভৃতে দিন গোনে একা একা ,
মনেও পড়ে না কবে যেন তার হয়েছিল শেষ দেখা।
বুকের আগুনে আগুন নিভেছে হতাশ দীর্ঘশ্বাসে,
তবুও জীবনে জীবন জুড়েছে অযথা সর্বনাশে।
২
মনে হয়
রাগে অনুরাগে যে ফুল ফুটেছিল,
স্মৃতি আজ।পুরানো সে ঋণ শুধু
বাক্সবন্দী হয়ে রয়।
সব মিছে মনে হয় ! প্রাণহীন অনড় জীবন,
শ্যাওলা হয়ে ভাসে
বাদলের ধারাপাতে চরাচর ভেসে যায়।
*************
৩
আর নয়
অধরে ওষ্ঠে আর কোন প্রেম নয়,
অনুভূতি দিয়ে অনুভবে আজ ছোঁয়া ।
প্রাপ্তির প্রেমে পূর্ণতা খুঁজে নাও !
এ শরীর জেনো পঞ্চভূতের মায়া।
আলিঙ্গনের ভাব বিনিময় নয়,
ভালোবাসা, সে কী মরীচিকা বলে তারে !
ভ্রান্ত মননে প্রেমের প্রথম পাঠ,
শুরু আজ 'করোনা'তো ওষ্ঠে অধরে।
উদ্দাম প্রেমে আঁকড়ে ধরো না হাত
উষ্ণতা মাপো প্লেটোর তত্ত্বে এসে।
মধু-আহ্বানে আর নয় অভিযান,
প্রেম বিনিময় যৌবন-উচ্ছ্বাসে।
৪
আষাঢ়স্য
বর্ষা রাতের গন্ধ মাখানো ঈপ্সিত কামনায়,
হৃদয়ের মাঝে ব্যাকুল বকুল বিরহের গান গায়।
মেঘলা দুপুর, গেরুয়া বিকেল, ধূসর সন্ধ্যা-রাগে
গভীর তিমিরে বুকের ভেতর স্বপ্ন গন্ধ জাগে।
রাতের বাতাস কেঁদে কেঁদে ফেরে অতৃপ্ত অনুরাগে,
মনের সুপ্ত কামনার রঙে বেদনার সুর জাগে।
নির্বাসনের নির্জনতায় অমোঘ প্রেমের টান,
স্পর্শ-কাতর মন জুড়ে আছো, ভালোবাসা অফুরান।
কল্পনা রঙে মূর্ত মিলন শিহরিত তনু মন ,
নিগূঢ়-তত্ত্ব বিন্যাস খোঁজে ব্যাকুল বিরহী মন।
নির্মেঘ নীলে স্বপ্নের আলো স্বচ্ছ বাতাস বয়।
কবে হবে এ জীবন রম্য অদ্ভূত মোহময়।
নির্জন বাসে নিভৃত চিত্তে সারা মন প্রাণ ঢালি,
অলকাপুরীর নির্জনতায় আশার প্রদীপ জ্বালি।
৫
হৃদয় যে ভেসে যায়
বহু চেনা নাম ধরে ডেকে গেল কেউ,
বলে গেল ভালোবাসি,
অথৈ জলেতে আঁকু পাঁকু প্রাণ ,
ভরাডুবি বানভাসি।
দিশাহারা মন আনন্দে কাঁদে,
দুচোখ যে ভরে যায়,
ব্যাকুল মন যে পাখা মেলে ওড়ে
বিপুল এ দুনিয়ায়।
কেউ যেন আজ ডেকেছে আমায়
বসে দূর মোহনায়!
দুকূল ছাপানো প্লাবনে আমার,
হৃদয় যে ভেসে যায়।
আপন মনে
রূপ-সায়রের অগাধ জলে
ভাসবে নৌকা আপন তালে।
অবিনাশী এক ভালোবাসায়
আলোর টানে অবহেলে।
পুড়িয়ে আঁধার আলোর টানে
পৌঁছাবে সেই ঘরের পানে।
যেথায় মধু গন্ধে ভরে
রয় সোহাগী আপন মনে ।
৭
বিলাপ
ভাঙা মনে একা একা
নিভৃত নির্জনে।
কোথা সে কোকিলের কুহুতান?
মন শুধু ধূ ধূ করে ।
তুমি চলে গেছ ,সাথে নিয়ে যত
স্বপ্নেরে আমার।
দিন কাটে,
অলীক কল্পনায় ,মিথ্যা সংলাপের জাল বুনে।