সূর্য পুরুষ
অপূর্ব পাল
নারীগন্ধের মতো এই ভোর
ভোরের বাতাস মানে তোমার সুবাস
পাখির স্বরবর্ণে জেগে ওঠে
বাতাবী ফুলের কিশোরী বাগান
বাগান গন্ধে কত স্মৃতির কাঁপন
শুভ্রার কথা খুব মনে পড়ে , খুব…
সে যেন কত জনমের সহজিয়া ইতিকথা!
সূর্য তখনও সাধু পুরুষ
গেরুয়া হয়ে বসে আছে গাছের তলায় ;
ভোর তুমি তো সমর্পিতা বিনম্র আলো
আর নারীতরু এক উপশম ক্ষীর,
সুখদায়িনী আরোগ্যের মতোন ;
ভোর তুমিও নারীর সমান।
মৌনতায় বসে ছিলাম কতরাত :
ভোরের বিনম্র আলো আর এক
নারীতরুর সুবাস মেখে
সূর্য পুরুষ হয়ে উঠি !
……………………………………………

প্রেমের বেশকিছু শব্দের সংযোজনে সুন্দর এই কবিতাটি সৃষ্টি। আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ কবিকে।
উত্তরমুছুন