শংকর ব্রহ্মর গুচ্ছ কবিতা--
অভিমান
----------------------
তুমি ভালবাসলেই আমার সব অসুখ সেরে
যাবে জানি,
তবু আমি কোনদিন বলব না সে কথা।
শিশির যেমন ঝরে পড়ে ঘাসের বুকে
সে'ভাবে নিঃশব্দে যেদিন
তোমার ভালবাসা ঝরবে অকৃপণ স্বার্থবিহীন,
আমি সুস্থ হয়ে উঠব।
শীত আসতে দেরী নেই খুব
এই গ্রীষ্ম পেরিয়ে বর্ষাটা গেলেই
সে ঝাঁপিয়ে পড়বে আমার বুকে,
আমি তার প্রতীক্ষায় আছি।
তখন তোমার উষ্ণতা ছাড়া
আমি স্তব্ধ হয়ে যাব জানি,
তবু আমি বলব না কিছুই।
আমার কাছে কেউ জানতে চায়নি
আমি বলছি না এ'সব?
--------------------------------
২) কবিতা
কবিতার পরিহাসে
শংকর ব্রহ্ম
----------------------
ঘুম থেকে উঠে সকালটা কাটে
টাকা টাকা করে মন
সন্ধ্যায় খুব ফাঁকা ফাঁকা লাগে ,
লাগে খুব নির্জন
দুপুর বেলায় আসে যদি ভুলে
কখনও সে প্রিয়জন
বিষাদে ও সুখে কেটে যায় কিছুক্ষণ।
বিকালবেলায় বসে একা একা ভাবি
হাতে তো আমার নেই স্বপ্নের চাবি,
রাত্রিবেলায় স্বপ্নেরা যদি আসে
আমি যে তখন দিশেহারা থাকি
থাকি না তাদের পাশে,
জীবন যখন মাখামাখি হয়ে
কবিতার পরিহাসে
সারাদিন কাটে মাথা নীচু করে
মুখ দিয়ে শুধু ঘাসে।
-----------------------------------
৩) কবিতা
মনমাঝি
শংকর ব্রহ্ম
------------------------
এবার দারুণ শীতে,শব্দগুলো জমে গেছে
বর্ণগুলো আলাদা করা যাচ্ছে না কিছুতেই
জোর করলে ভেঙে যাচ্ছে স্পষ্ট,
আমি তাই বর্ণ বৈষম্যে ভুগছি,সে এক অদ্ভুত কষ্ট।
কষ্ট শুরু জন্ম থেকেই,নাকি তার পরে?
মনে পড়ে,সব মনে পড়ে
শীতের রাতে ছেঁড়া কাঁথায় হিম আঁধারে,
কষ্টে শুধু বুকের ভিতর গেছে পুড়ে।
এভাবেই যদি বিশ্বাস সব জীবনের
একদা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে
কষ্ট এসে জমা হয় বিষাদের ঘরে,
তখন আপন থাকে না কেউ আর
সকলেই হয়ে যায় পর।
বিষাদ কোথায় থাকে,কোথা তার ঘর
এ কথা জনে না কেউ,
মনমাঝি ছাড়া,
কোথা থাকে ওরা।
------------------------------------
৪) কবিতা
পাগল
শংকর ব্রহ্ম
•••••••••••••••••••••••••••
এক পাগলের সঙ্গে দেখা শখের বাজারে
যেন আমাদের কত কালের চেনা পরিচয়
সে হাসলো অমলিন
আমিও হাসলাম ক্ষীণ
স্বজন বন্ধুদের কাছে
আমিও পাগল বলে পরিচিত হই
কারণ আমি তো ওদের মতো বৈষয়িক নই।
চোখে চোখে কথা হল কত তার সাথে
আমাদের আগে কোথাও দেখা হয়েছে
দিনে কিংবা রাতে?
হতে পারে সে মুখোশ পরে ছিল
মজা করার জন্য
আমিও কি আজকাল নয় মুখোশ এঁটে ধন্য?
আমরা কেউ কাউকে খুঁজি না কখনো অথচ মাঝে মাঝে দেখা হয়ে যায়
পথেঘাটে হাটেবাজারে বিভিন্ন জায়গায়।
----------------------------
৫) কবিতা
কঠিন বন্ধনে
শংকর ব্রহ্ম
*******************
আমি কিছুতেই সমঝোতা করতে পারি না
আমার কিছু কবিতার সঙ্গে, অথচ সময় পেরিয়ে যায়
আমি কিছুতেই বোঝাপড়ায় আসতে পারি না,
আমার কিছু অপছন্দের কবিতার সাথে,
অথচ আমিই তাদের জন্মদাতা
কিন্তু তাদের দায় নিতে আমি আর রাজী নই
অবহেলিত আজ তারা আমার কাছে,
কিন্তু এমন মুহূর্ত যে কোন আসতে পারে
যখন তারা একত্রে ফিরে আসবে পুনরায় আমার কাছে,
কৈফিয়ত দাবী করবে।
সব সৃষ্টিই
মহৎ কিংবা ব্যর্থ
পঙ্গু এবং যথার্থ
অদ্ভূত কিম্বা বাতিল
তারা সকলেই একসঙ্গে আমাকে চেপে ধরবে
কঠিন এক শ্বাসরোধী বন্ধনে।
----------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন