দর দাম মূল্য
মাথুর দাস
দাম বলে জিনিসের হয় 'স্থির' কিছু কি ?
মনগড়া দাম লেখে লোভী যত ব্যাপারী ;
যারা বলে 'একদাম' সে তো জল-বিছুটি,
ব্যবসায় দরদাম নয় কোনও ব্যাপার-ই ।
জনে জনে বদলায় জিনিসের ব্যবহার,
কারো খুব দরকারি, কারো সেটি তুচ্ছ ;
কারো যা কুৎসিত, কেউ বলে 'কী বাহার' !
'মুল্য'-টি দেখি বুঝে উপযোগ গুচ্ছ ।
নেড়েচেড়ে দেখেশুনে পালটা পালটি,
টাকাকড়ি কষাকষি করে দরদস্তুর
শেষমেষ যে টাকায় কিনলাম মালটি,
সেইটিই ঠিক 'দাম' যে কোনও বস্তুর ।
'দর' বুঝি একক-এ, এক বা একাধিক,
ওঠাপড়া করে তাও চাহিদা জোগানে ;
শুধু চোখ-কান-খোলা ক্রেতা বোঝে ঠিক,
দর দাম মূল্যের তফাতটি সে জানে ।
*****
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন